মঙ্গলবার ২২ সেপ্টেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
ছবি

গোপালগঞ্জের কোটালীপাড়া সড়ক নির্মাণে অনিয়মের খবর প্রকাশ: সাংবাদিকের বিরুদ্ধে ঠিকাদারের মামলা-তীব্র নিন্দা!

লুৎফর সিকদার গোপালগঞ্জ প্রতিনিধি  ০৯ জুলাই ২০২৬ ০২:৩৪ পি.এম

গোপালগঞ্জের

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের জেরে এক সাংবাদিকের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন সংশ্লিষ্ট ঠিকাদার। দৈনিক ‘আমার দেশ’ ও ‘ডেইলি পোস্ট’ পত্রিকার কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি মনিরুজ্জামান শেখ জুয়েলের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা মামলাটিকে মিথ্যা ও হয়রানিমূলক দাবি করে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

 

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে গোপালগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে ঠিকাদার মো. ইয়াসিন হোসেন মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক রাইফা সরকার মামলাটি আমলে নিয়ে সমন জারি করেছেন।

 

মামলার অভিযোগে বলা হয়েছে, সড়কে পিচ ঢালাইয়ের সময় সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েলসহ অজ্ঞাতনামা ৪-৫ জন ঠিকাদার ইয়াসিন হোসেনের কাছে দেড় লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে শ্বাসরোধের চেষ্টা করা হয় এবং অজ্ঞাত ব্যক্তিরা সড়কের কার্পেটিং উঠিয়ে ফেলে।

 

তবে স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার শিকিরবাজার স্কাউট ভবন থেকে পূর্ব চিত্রাপাড়া পর্যন্ত সড়কের রক্ষণাবেক্ষণ কাজে শুরু থেকেই নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ও বিভিন্ন কারিগরি অনিয়মের অভিযোগ ওঠে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ৩০ জুন এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেন।

 

স্থানীয়দের অভিযোগ, প্রকল্পের নকশা অনুযায়ী রাস্তার দুই পাশে প্রায় তিন ফুট করে মাটির শোল্ডার (পাড়) নির্মাণের কথা থাকলেও অধিকাংশ স্থানে তা করা হয়নি। এছাড়া এজিংয়ের কাজে পুরোনো ও নিম্নমানের ইট ব্যবহার করা হয়েছে। কার্পেটিংয়ের আগে প্রয়োজনীয় প্রাইম কোট ও ট্যাক কোট যথাযথভাবে প্রয়োগ না করায় এবং বিটুমিনাস কার্পেটিংয়ে মান বজায় না রাখায় কাজ শেষ হওয়ার দুই-তিন দিনের মধ্যেই বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে যেতে শুরু করে। এমনকি হাতের স্পর্শেই পিচ উঠে যাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

 

এ ঘটনায় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে তথ্য সংগ্রহ করেন। পরে গত ৬ জুলাই ‘আমার দেশ’ পত্রিকার অনলাইন সংস্করণে "কোটালীপাড়ায় সড়ক নির্মাণে অনিয়ম, কার্পেটিং উঠে যাওয়ার ভিডিও ভাইরাল" শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েলের দাবি, সংবাদ প্রকাশের আগেই ঠিকাদার ইয়াসিন হোসেন মোবাইল ফোনে তাকে সংবাদ প্রকাশ না করার জন্য চাপ দেন এবং প্রকাশ করলে চাঁদাবাজির মামলায় জড়ানোর হুমকি দেন। পরবর্তীতে সংবাদ প্রকাশের পরই তার বিরুদ্ধে এই মামলা করা হয়েছে। তিনি অভিযোগ করেন, সড়ক নির্মাণে অনিয়মের বিষয় থেকে জনমত ভিন্নদিকে নেওয়ার উদ্দেশ্যেই এই মিথ্যা মামলা করা হয়েছে।

 

গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও সময় টেলিভিশনের প্রতিনিধি জয়ন্ত শিরালী বলেন, "আমি নিজেও ওই সড়কের অনিয়ম নিয়ে সংবাদ সংগ্রহ করেছি এবং সংবাদ প্রকাশ করেছি। সাংবাদিকরা সেখানে পেশাগত দায়িত্ব পালন করেছেন। পিচ ঢালাইয়ের সময় মনিরুজ্জামান শেখ জুয়েল ঘটনাস্থলেই ছিলেন না। তার বিরুদ্ধে চাঁদাবাজি ও হামলার অভিযোগে মামলা করা অত্যন্ত দুঃখজনক। আমরা অবিলম্বে এ মামলা প্রত্যাহারের দাবি জানাই।"

গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাবেরুল ইসলাম বাধন বলেন, "দুর্নীতি ও অনিয়মের সংবাদ প্রকাশের কারণে যদি সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন মামলা করা হয়, তাহলে স্বাধীন সাংবাদিকতা মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ হবে। এই মিথ্যা মামলা প্রত্যাহার না হলে সাংবাদিক সমাজ কঠোর আন্দোলন গড়ে তুলবে।"

 

কোটালীপাড়া থানা প্রেস ক্লাবের সভাপতি সুধান্য ঘরামী বলেন, "ঠিকাদার ইয়াসিন হোসেনের বিভিন্ন প্রকল্পে অনিয়মের অভিযোগ নতুন নয়। এই সড়কের কাজেও নানা অনিয়মের অভিযোগ রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তাও একাধিকবার কাজের স্থান পরিদর্শন করে অনিয়মের বিষয়টি দেখেছেন।"

কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাগুফতা হক বলেন, "সড়ক নির্মাণে অনিয়মের বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি দেখেছি। বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জানানো হয়েছে।"

এ বিষয়ে অভিযুক্ত ঠিকাদার ইয়াসিন হোসেনের বক্তব্য জানতে একাধিকবার তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

 

উল্লেখ্য, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) 'গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প (দ্বিতীয় পর্যায়)'-এর আওতায় প্রায় ৭৪ লাখ ৬৭ হাজার ৩০১ টাকা ব্যয়ে ১ হাজার ২৬৫ মিটার দীর্ঘ শিকিরবাজার স্কাউট ভবন থেকে পূর্ব চিত্রাপাড়া পর্যন্ত সড়কের রক্ষণাবেক্ষণ কাজের কার্যাদেশ পায় চুয়াডাঙ্গার জাকাউল্লাহ অ্যান্ড ব্রাদার্স লিমিটেড। প্রতিষ্ঠানটির স্থানীয় প্রতিনিধি হিসেবে কাজটি বাস্তবায়ন করছেন ঠিকাদার ইয়াসিন হোসেন।

 

সড়কটির বিষয়ে এলজিইডির গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী এহসানুল হক বলেন, "অভিযোগ পাওয়ার পর আমাদের কারিগরি টিম ঘটনাস্থল পরিদর্শনে গেছে। তদন্তে কোনো ত্রুটি বা অনিয়ম পাওয়া গেলে চুক্তির শর্ত অনুযায়ী ঠিকাদারকে প্রয়োজনীয় সংশোধনী কাজ করতে হবে!

আরও খবর

news image

টি-আর প্রকল্পের বরাদ্দকৃত অর্থ আত্মসাতের মিথ্যা অভিযোগ’—প্রতিবাদ প্রকল্প সভাপতি এরশাদ আলমের -

news image

বাউফল নিউজ প্যাকেজ

news image

দিনাজপুর বীরগঞ্জে বিপর্ণা নামীয় এক কিশোরীর রহস্য জনক ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

news image

টেকনাফে হ্নীলা,বাহারছড়া,হোয়াইক্যংয়ে অপহরণ-মানবপাচার ও মাদক প্রতিরোধে স্থায়ী নৌ-বাহিনীর ক্যাম্প স্থাপনের দাবি স্থানীয়দের

news image

সিরাজগঞ্জে মানবাধিকার সুরক্ষা কমিটির উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত আয়োজন করা হয়

news image

নেত্রকোনায় আর্জেন্টিনার বিজয় মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে যুবকের মৃত্যু

news image

এশিয়ান অলিম্পিয়াডে বাজিমাত: এশিয়ার সেরা বাংলাদেশি শিক্ষার্থী সামিনা নূর তাজ  

news image

ভোলাহাটে গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণে লটারীর মাধ্যমে নারীকর্মী নিয়োগ অনুষ্ঠিত!!

news image

গোপালগঞ্জের কোটালীপাড়া সড়ক নির্মাণে অনিয়মের খবর প্রকাশ: সাংবাদিকের বিরুদ্ধে ঠিকাদারের মামলা-তীব্র নিন্দা!

news image

নবাগত সিনিয়র জেলা ও দায়রা জজকে উষ্ণ সংবর্ধনায় বরণ করলো কুমিল্লা আইনজীবী সমিতি

news image

নবাগত সিনিয়র জেলা ও দায়রা জজকে উষ্ণ সংবর্ধনায় বরণ করলো কুমিল্লা আইনজীবী সমিতি

news image

ভরা মৌসুমেও ইলিশের আকাল: উপকূলীয় বাগেরহাটে চরম সংকটে মৎস্য খাত

news image

বীরগঞ্জে পিকআপের ধাক্কায় মা-ছেলের মৃত্যু, আহত স্বামী

news image

মোঃ সিমান্ত তালুকদার বাউফল নিউজ প্রকাশক